রমজান মাসে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এ-সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রমজান ও ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
হাসান মাহমুদ খন্দকার বলেন, সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের ব্যাপারে ও মহাসড়কে নছিমন, করিমন প্রভৃতি যানবাহন যাতে চলাচল না করে, সেই ব্যাপারে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সজাগ থাকতে হবে। দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি বলেন, রমজান মাসেও ফরমালিন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নিরাপদে ট্রেন, বাস ও লঞ্চ চলাচলও নিশ্চিত করা হবে।
শক্ত হাতে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ রোধ করা হবে। বিপণিবিতান, ঈদগাহসহ বিভিন্ন স্থানে থাকবে পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা। থাকবে পুলিশের নৈশ টহলও। এ ছাড়া, ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ জনগণকে প্রয়োজনীয় সহায়তা দেবে।
সভায় অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারি, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
সভায় সিদ্ধান্ত হয়, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শহরে বিপণিবিতানে যথাসম্ভব ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে৷
দোকান মালিক সমিতির দাবি: এদিকে রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতারা।
একই সঙ্গে সব কটি বিপণিবিতানে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের জন্য বিপণিবিতানের কর্তৃপক্ষের প্রতি জোর দাবিও জানিয়েছেন তাঁরা। গতকাল সমিতির প্রচার সম্পাদক এস এম আনোয়ার আয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, ‘সার্বিক নিরাপত্তাব্যবস্থায় প্রতিবছরের মতো এবারও প্রশাসন সচেষ্ট থাকবে বলে আমরা আশা করি।’