রমজান মাসে ভারত থেকে তিন লাখ টন চাল আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের মধ্যে ভারত থেকে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম আমদানি করা হচ্ছে। ভারত সরকারের মধ্যস্থতায় সে দেশের রপ্তানিকারকেরা চাল সরবরাহ করবেন। আর গম সরবরাহ করবে ভারতের রাষ্ট্রীয় সংস্থা স্টেট ট্রেডিং করপোরেশন অব ইন্ডিয়া।এ দুই ধরনের খাদ্যশস্য আমদানির ব্যাপারে দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে টেলিফোন আলোচনায় সমঝোতা হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজান মাসের মধ্যে যাতে ভারত থেকে চাল দেশে এসে পৌঁছায়, সে লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, চালের যাতে কোনো সংকট তৈরি না হয়, সে জন্য আমদানির এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কৃষিমন্ত্রী জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের পক্ষে সে দেশের ব্যবসায়ীদের মধ্যে টেন্ডার আহ্বান করে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে চাল নিয়ে রপ্তানি করবেন।চলতি ২০১০-১১ অর্থবছরের শুরুতে ভারত থেকে দুই লাখ টন গম ও এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরবর্তী সময়ে খাদ্য অধিদপ্তরের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আরও বেশি চাল আমদানি করার ব্যাপারে আলোচনা করতে ভারতে যায়। তখন ভারত সরকারের পক্ষ থেকে বাড়তি চাল ও গম রপ্তানি করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ভিয়েতনামের কাছ থেকে যে এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে, তা-ও রমজান মাসের মধ্যে দেশে আসবে। খাদ্যমন্ত্রী বলেন, ভারতের চালের দর খুব শিগগির জানা যাবে।খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি গুদামে বর্তমানে ছয় লাখ টন চাল ও ৭৫ হাজার টন গম রয়েছে। অভ্যন্তরীণ চালকল থেকে আরও ৯০ হাজার টন সংগ্রহের এবং আন্তর্জাতিক বাজার থেকে দুই লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ উৎস থেকে চাল সংগ্রহ আগের চেয়ে বেড়েছে। বেশ কয়েকটি দেশ থেকে চাল আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। ফলে এ বছর চালের মজুদ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।