রমজান মাসে ভেজালবিরোধী অভিযান চালাবে বিএসটিআই
পবিত্র রমজান মাসে ভেজালমুক্ত খাদ্য ও পণ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন বিশেষ অভিযান চালাবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মাধ্যমে দেশব্যাপী ভেজালবিরোধী পরিকল্পিত বিশেষ অভিযান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।শিল্পমন্ত্রী বলেন, রমজান মাসে বিএসটিআইয়ের ১৫৩টি বাধ্যতামূলক পণ্যের মানসনদবিহীন ও নিম্নমানের পণ্য উৎ পাদন ও বিক্রয় রোধ এবং ওজন ও মাপে কারচুপি রোধ করতে ভ্রাম্যমাণ আদালত ও তদারকি দল কাজ করবে। সারা দেশেই এ অভিযান চালানো হবে।দিলীপ বড়ুয়া বলেন, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা ভেজাল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে বিভিন্নভাবে ক্রেতাসাধারণকে ঠকিয়ে থাকেন। বিশেষ করে, পানীয় জল, খেজুর, মুড়ি, ফলের রস প্রভৃতি ইফতারসামগ্রীর ক্ষেত্রে ভেজাল ও প্রতারণার আশ্রয় নেওয়া হয়। প্রায়ই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরির প্রবণতা লক্ষ করা যায়। অনেক অসাধু ব্যবসায়ী ওজনেও কম দিচ্ছেন।শিল্পমন্ত্রী জানান, মানসনদবিহীন ও নিম্নমানের পণ্য বিক্রি রোধ করতে এবং মেট্রিক পদ্ধতির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগর ও সব জেলা পর্যায়ের বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রমজান মাসজুড়ে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে প্রতিদিন ভেজালবিরোধী বিশেষ অভিযান চলবে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে ইতিমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।কেবল অভিযান চালিয়ে এবং জেল-জরিমানা আদায়ের মাধ্যমে ভেজাল দেওয়ার প্রবণতা দূর করা সহজ নয়—মন্তব্য করে দিলীপ বড়ুয়া আরও বলেন, এর জন্য ভেজালের সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ী ও ব্যক্তিদের নৈতিক পরিশুদ্ধতার প্রয়োজন রয়েছে। তাঁদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি অনুধাবন করাতে হবে। আর এটি করা সম্ভব হলেই ভেজাল খাদ্য ও পণ্য তৈরির প্রবণতা অনেকাংশেই দূর করা যাবে। মন্ত্রী বলেন, দেশের সর্বস্তরের মানুষকেও মানসম্মত খাদ্য গ্রহণের বিষয়ে সচেতন করা প্রয়োজন। জনগণ নকল ও ভেজাল পণ্য বয়কট করলে ভেজাল প্রতিরোধে সুফল পাওয়া যাবে।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, অতিরিক্ত শিল্পসচিব এ বি এম খোরশেদ আলম ও বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ উপস্থিত ছিলেন।