রমজান মাসে মাংসের দাম নির্ধারণ করেছে ডিসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাসে রাজধানীতে দেশি গরুর মাংসের কেজি ২৫০ টাকা এবং খাসির মাংস ৩৫০ টাকা নির্ধারণ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। এ ছাড়া বিদেশি গরু ও মহিষের মাংস কেজিপ্রতি ২২০ টাকা এবং বকরি ও ভেড়ার মাংস কেজিপ্রতি ৩০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে মেয়র সাদেক হোসেন খোকা এসব সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে আয়োজিত এ বৈঠকে রমজান মাসে মাংসের দাম স্থিতিশীল রাখার জন্য মাংস ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন মেয়র। বৈঠকে জানানো হয়েছে, আগামী ১ থেকে ২৭ রমজান পর্যন্ত মাংসের এই মূল্যতালিকা কার্যকর থাকবে। মাংসের প্রতিটি দোকানে ডিসিসি নির্ধারিত এ মূল্যতালিকা টাঙিয়ে রাখতে হবে।