রমজান মাসে ৬৬ লাখ পরিবার ১০ কেজি করে চাল পাবে
সরকার রমজান মাস ও ঈদুল ফিতর সামনে রেখে সারা দেশে ৬৬ লাখ এক হাজার পরিবারকে বিনা মূল্যে ১০ কেজি করে চাল দেবে। ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হবে। গতকাল মঙ্গলবার রমজান মাসের প্রথম দিন থেকে এই চাল বিতরণের জন্য জেলা পর্যায়ে বরাদ্দ পাঠানো হয়েছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৬৪টি জেলার ৪৮৩টি উপজেলা এবং এ, বি ও সি ক্যাটাগরির ৩০৯টি পৌরসভাকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ জন্য মোট ৬৬ হাজার ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রতিটি ভিজিএফ কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। ভিজিএফ পরিপত্র ২০১০ অনুসারে দুস্থ, প্রতিবন্ধী, বিধবা, অতিশয় বৃদ্ধ ও অসহায় পরিবারে এ চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। পত্রে বলা হয়েছে, প্রতিটি পরিবার থেকে মাত্র একজন সদস্যকেই এ চাল দেওয়া হবে। ঈদুল ফিতরের আগেই চাল উত্তোলন এবং বিতরণ করতে হবে।