রমজান মাসেও ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে এখন যে পরিমাণ ঘাটতি রয়েছে, আসন্ন রমজান মাসেও তেমনই থাকবে। তাই লোডশেডিংও এখনকার মতোই রাত-বিরাত, সকাল-সন্ধ্যা ও গ্রাম-শহর নির্বিশেষে অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাব অনুযায়ী, বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় পাঁচ হাজার মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদন হচ্ছে চার হাজার মেগাওয়াটের কিছু বেশি।পবিত্র রমজান মাসে বিদ্যুৎ-ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ে গতকাল বুধবার আয়োজিত বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, রমজান মাসে বিদ্যুতের উৎপাদন প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াটে উন্নীত হবে। চাহিদা হবে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মতো। তাই লোডশেডিং হবে। তবে লোডশেডিংয়ের দুর্ভোগ কমাতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।তিনি বলেন, যদিও কাজটি খুবই দুরূহ, তবুও আমরা চেষ্টা করব সেহির ও ইফতারি—উভয় সময়েই বিদ্যুৎ সরবরাহ করতে। মসজিদগুলোতে দ্বৈত সংযোগ দেওয়া হবে, যাতে তারাবির নামাজে বিঘ্ন না ঘটে। এ ছাড়া মসজিদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করে দেওয়ার জন্য বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি তিনি আহ্বান জানান।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদ্যুৎ সাশ্রয় ও যেকোনো পরিস্থিতিতে সহনশীল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। মানুষের দুর্ভোগ কমাতে টানা এক ঘণ্টার পরিবর্তে আধা ঘণ্টা করে লোডশেডিং করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।ঘোড়াশালে দুজন বরখাস্ত: ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে গত রোববার সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে বরখাস্ত করা এই দুই কর্মকর্তা হলেন বিদ্যুৎ-কেন্দ্রটির ব্যবস্থাপক (পরিচালন) রবীন্দ্র-নাথ সমাদ্দার এবং ৫ ও ৬ নম্বর ইউনিটের নির্বাহী প্রকৌশলী (জেনারেটর) আক্তার হোসেন।অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে। একই দায়ে আরও কয়েকজনের শাস্তি হতে পারে বলে জানা গেছে।অগ্নিকাণ্ডে ইউনিটটির ব্যাপক ক্ষতি হয়েছে। এটি আদৌ আর চালু করা যাবে কি না, আজ বৃহস্পতিবার একটি বিশেষজ্ঞ দল ইউনিটটি পরিদর্শন করে সে বিষয়ে মত দেবে।