পবিত্র রমজান মাসে সরকারি অফিস-আদালতের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সময় সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসসমূহ সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে। মাঝখানে একটা ১৫ মিনিট থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। খবর বাসসের।গত সোমবার সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্ল্লিষ্ট সচিবেরা এতে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সুপ্রিম কোর্ট রমজান মাসে এর অফিস সময়সূচির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বেসরকারি সংস্থাগুলোও এ ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নেবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মন্ত্রিসভা ইনভেস্টমেন্ট করপোরেশন, বাংলাদেশ (আইসিবি) আইন-২০১৩-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে। এতে আইসিবি সার্টিফিকেটের শেয়ার মূল্য এখনকার ১০০ টাকা থেকে ১০ টাকায় পুনর্মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। এতে আইসিবির অনুমোদিত মূলধন বর্তমানের ১০০ কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকায় বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।মন্ত্রিসভা জাতীয় কৃষিনীতি ২০১৩ এর খসড়াও অনুমোদন করেছে। গত ১৯ ও ২০ মে থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এ ছাড়া গত ১০ থেকে ১৩ এপ্রিল তথ্যমন্ত্রীর ভারত সফর সম্পর্কেও অবহিত করা হয়।