রমজান মাসের মধ্যে ছাত্রদল নেতা-কর্মীদের মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলাকে ঘিরে কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল শনিবার কারাগারে থাকা ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। ২০১০ সালের ১৮ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্রোহী পক্ষের হামলায় আহত হন। এরপর বিভিন্ন সময়ে কর্মসূচি নিলেও শাহবাগ ও সর্বোচ্চ হাকিম চত্বর এলাকা পর্যন্ত প্রবেশের সুযোগ পান তাঁরা। গতকাল ছাত্রদলের কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও নেতা-কর্মীরা মিলে সকাল নয়টায় ক্যাম্পাসে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহিদুল হাসান বলেন, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আসন্ন রমজান মাসের মধ্যে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি না দিলে রমজানের পর কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাঁদের বের করে আনা হবে বলে ঘোষণা দেন তিনি। গত ৫ জুলাই ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন এবং ১০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।