রমজানে কম দামে পণ্য দিতে ১৮০০ ডিলার নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস সামনে রেখে সারা দেশে এক হাজার ৮০০ ডিলার নিয়োগ দেবে সরকার। এসব ডিলারের মাধ্যমে চিনি, ছোলা, সয়াবিনসহ অন্যান্য পণ্য কম দামে সরবরাহ করা হবে। প্রত্যেক ডিলার কী পরিমাণ পণ্য পাবেন, তাও নির্ধারণ করে দেওয়া হবে।গতকাল রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় রিকশা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজন করা হয় এ সমাবেশের।ফারুক খান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদেরও এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার দ্রুত রেশনিং ব্যবস্থা চালুর চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে ভিজিএফ কার্ডের ব্যবস্থা করা হবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ফারুক খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার পূরণে আমাদের প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার যেন আন্তর্জাতিক মানের হয় সে চেষ্টাই করা হচ্ছে।জাতীয় রিকশা শ্রমিক লীগের সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক বাবু রায় রমেশ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।