রমজানে কাঁচাবাজার পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের মালিকানাধীন ১৩টি কাঁচাবাজার পর্যবেক্ষণের জন্য ছয়টি ‘দ্রব্যমূল্য পর্যবেক্ষণ দল’ গঠন করেছে।
গতকাল বুধবার দুপুরে নগর ভবনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসির ১৩টি কাঁচাবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে ডিএসসিসি।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসির ওই ছয়টি দল প্রতিদিন সকালে পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা মূল্য সংগ্রহ করবে। পরে কাঁচাবাজারগুলোতে স্থাপন করা ‘মূল্যতালিকা বোর্ডে’ তা লিখে দেওয়া হবে। এ তালিকা অনুযায়ী ব্যবসায়ীদের মালামাল বিক্রি করতে হবে।
মেয়র বলেন, এ বছর রমজানে কাঁচাবাজার স্থিতিশীল থাকবে। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যতালিকা না মানলে, খাদ্যে ভেজাল ও ওজনে কম দিলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছোলার দাম কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। কেউ কারসাজি করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় দয়াগঞ্জ কাঁচাবাজার মালিক সমিতির সভাপতি আবদুল মালেক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দয়াগঞ্জ কাঁচাবাজারের প্রধান গলিতে প্রতিদিন গরু জবাই করা হয়। এতে পথচারীদের চলাচলে সমস্যা হয়। মহল্লার কোনো হিন্দু ক্রেতাই এই পথ দিয়ে চলাচল করেন না। সারা দিনই বাতাসে দুর্গন্ধ থাকে।
নিউ মার্কেট (বনলতা) কাঁচাবাজারের ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বলেন, ডিএসসিসির ওই ১৩টি মার্কেটের সামনে অন্তত ১৩ হাজার অবৈধ দোকানপাট বসেছে। এতে মার্কেটগুলোর মূল দোকানিদের ব্যবসায় সমস্যা হচ্ছে। অবিলম্বে এসব অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে। এ ছাড়া বনলতা কাঁচাবাজারের সামনের সড়কের খোঁড়াখুঁড়িও দ্রুত শেষ করার দাবি জানান তিনি।
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। মতবিনিময় সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ওই ১৩টি কাঁচাবাজারের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।