রমজানে গরুর মাংসের কেজি ৪২০, খাসি ৫৭০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পবিত্র রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া মহিষের মাংস প্রতি কেজি ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা এবং ভেড়া ও বকরির মাংস বিক্রি হবে ৪৭০ টাকায়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে রাজধানীর মাংস ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘রমজানে মাংসের মূল্য স্থিতিশীল রাখাসহ কেমিক্যালবিহীন ফল, বিশুদ্ধ খাবার বিক্রয়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা’-বিষয়ক সভার আয়োজন করে ডিএসসিসি।
মেয়র বলেন, রমজানে কোনো ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সাঈদ খোকনের সভাপতিত্বে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মাংস ব্যবসায়ী গোলাম মর্তুজা, রবিউল হোসাইন প্রমুখ বক্তব্য দেন।