রমজানে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ
আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে সরকার আশা করছে। এ স্বাভাবিক বলতে বর্তমান সময়ের মতো অবস্থাকে বোঝানো হচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে। পবিত্র রমজানে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এ অবস্থায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের সভা হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল বুধবার সকালে পেট্রোবাংলা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়েছে। সভায় পিডিবি বিদ্যুৎকেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহ করতে বললে পেট্রোবাংলা রাজি হয়েছে।সভাসূত্র জানায়, পিডিবিকে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রগুলো অগ্রাধিকারভিত্তিতে গ্যাস পাবে। প্রতিদিন ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। বাসা-বাড়িতেও গ্যাসের সমস্যা হবে না।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর সভায় বলেন, রমজানের শুরুতেই দুটি নতুন গ্যাসকূপ তিতাস-২০ ও শ্রীকাইল-৩ উৎপাদনে আসবে। এর ফলে দৈনিক গ্যাস উৎপাদন বাড়বে প্রায় সাড়ে পাঁচ কোটি ঘনফুট। তা ছাড়া প্রতিদিন সর্বোচ্চ চাহিদার সময় সিএনজি স্টেশন, রি-রোলিং ও চুন তৈরির কারখানায় রেশনিং করে গ্যাস সাশ্রয়ের কথাও ভাবা হচ্ছে।সভায় পিডিবির পক্ষ থেকে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেলভিত্তিক কেন্দ্রগুলো সর্বোচ্চ ক্ষমতায় চালানো হবে। এ জন্য জ্বালানি তেল সরবরাহে যাতে বিঘ্ন না ঘটে সে জন্য বিপিসিকে অনুরোধ জানানো হয়। বিপিসির কর্মকর্তারা জানান, এ ব্যাপারে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।রমজান মাসে পিডিবি দিনের বেলায় সর্বোচ্চ চাহিদার সময় পাঁচ হাজার ৫০০ মেগাওয়াট; সেহিরর সময় ছয় হাজার ১০০ মেগাওয়াট এবং সান্ধ্যকালীন সর্বোচ্চ চাহিদার সময় ছয় হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। পিডিবি বলছে, এর ফলে লোডশেডিং হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে। তবে বিতরণব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিভ্রাটের কারণে কখনো কখনো কোনো কোনো এলাকায় লোডশেডিং বেশি হতে পারে। গ্রাহকেরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে এমন পরিস্থিতি এড়ানো যাবে।গ্যাস সাশ্রয়ের জন্য প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সিএনজি স্টেশনগুলো বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধ থাকবে। এর পর থেকে ঈদের দিন পর্যন্ত স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে, যাতে ঈদের আগে মানুষের সমস্যা না হয়।ঈদের পর আবার প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। তবে চট্টগ্রামে তখনো বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।