রমজানে চট্টগ্রামে দিনে পাঁচ ঘণ্টা করে ট্রাক চলাচল বন্ধ
রমজানের প্রথম দিন থেকে চট্টগ্রাম নগরে পাঁচ ঘণ্টা ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার নগর পুলিশের মাসিক অপরাধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম।বৈঠক সূত্র জানায়, নগরের যানজট সহনীয় পর্যায়ে রাখতে রমজান মাসে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নগরে ট্রাক চলাচল বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নগরে ভেজালবিরোধী অভিযানও জোরদার করা হবে। নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষের এই বৈঠকে নগরের সব উপকমিশনার, সহকারী কমিশনার ও থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সভায় আমরা প্রাথমিক কিছু সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিক, দোকান মালিক সমিতির নেতা, চট্টগ্রামের দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানা মালিক, পোশাক তৈরি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আমরা পর্যায়ক্রমে বৈঠক করে সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগী হব।’পুলিশ কমিশনার আবুল কাশেম আরও বলেন, রমজানের সময় বাসাবাড়িতে যাওয়ার তাড়া থাকে। অথচ রাস্তায় যানজটের কারণে রোজাদার ব্যক্তিরা ভোগান্তির শিকার হন। তাই বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত নগরে ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠক সূত্র জানায়, কাল বুধবার প্রথম দিন ইপিজেডের কারখানার মালিকদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠক হবে। রোজার শুরুর আগ মুহূর্ত পর্যন্ত পর্যায়ক্রমে অন্যদের সঙ্গে পুলিশের বৈঠক চলবে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মালামাল পরিবহনে যেকোনো বাধা দূর করতে ব্যবসায়ীদের সহায়তা দেবে পুলিশ। পাশাপাশি ভেজাল ভোগ্যপণ্য বাজারে না ঢোকার ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।নগরের আইনশৃঙ্খলার ওপরও পুলিশের নজরদারি থাকবে। বিশেষ করে, রমজান মাসে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে। ছিনতাইকারীদের তালিকা ধরেই পুলিশ ব্যবস্থা নেবে।