ঈদুল ফিতরের আগে পুরো রমজানে রাজশাহী নগরের ডেসটিনি মাঠে (বর্ণালী মাঠ) তাঁত ও বস্ত্রমেলা আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে গতকাল বুধবার ব্যবসায়ীরা ওই সমাবেশ করেন৷
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ হয়৷ এতে বলা হয়, মেলার নামে নিম্নমানের সামগ্রীর পসরা সাজানো ও জুয়া চালানোর ষড়যন্ত্র হচ্ছে। ব্যবসায়ীরা এ মেলার অনুমতি না দেওয়ার দাবি জানান। একই সঙ্গে কোনো অবস্থায় যাতে ব্যবসায়ীদের ক্ষতি করে মেলা করতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে আহ্বান জানানো হয়।
সমাবেশে রাজশাহী শিল্প ও বণিক সমিতিভুক্ত বিভিন্ন ব্যবসায়ী নেতা ও খুচরা ব্যবসায়ীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ঈদুল ফিতর সামনে রেখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চড়া সুদে ঋণ নিয়ে মালামাল তোলেন। অনেক সময় ব্যাংকগুলো তাদের ঋণ দেয় না। নানা হয়রানির শিকার হতে হয়। এ পরিস্থিতিতে তথাকথিত মৌসুমি ব্যবসায়ীরা মেলার নামে মধ্য শহরে (ডেসটিনি মাঠ) নিম্নমানের সামগ্রীর পসরা সাজালে ঈদের বাজারে প্রকৃত ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কেনাবেচায় ধস নামবে। তাঁরা দাবি করেন, প্রশাসনের একটি পক্ষ মৌসুমি ব্যবসায়ীদের কথিত মেলার অনুমতি দিতে তৎপরতা শুরু করেছে। সেখানে মেলা বসানো হলে সর্বস্তরের ব্যবসায়ী সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
একই সমাবেশ থেকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে েগ্রপ্তার, রোজায় নির্বিঘ্নে ক্রেতাদের যাতায়াত নিশ্চিত এবং চাঁদাবাজি, হয়রানি, ছিনতাই ও চুরি বন্ধ করার দাবি জানানো হয়৷ পাশাপাশি নগরকে যানজটমুক্ত রাখার দাবি তোলা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, শিক্ষক আশরাফুল আশেকিন, বাংলাদেশ কনজ্যুমারস সোসাইটি রাজশাহীর সভাপতি আইয়ুব আলী তালুকদার, শিক্ষক গোলাম কিবরিয়া, উপশহর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।