রমজানে দাম নিয়ন্ত্রণে আগে থেকে বাজারদর পর্যবেক্ষণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে বাজারদর পর্যবেক্ষণ করার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, দেশের বড় বাজারগুলোর দর নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সারা দেশেই এর প্রভাব পড়বে। তাই প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বাজারদরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার দুপুরে সংসদীয় কমিটির সভায় এসব বলা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি লুৎফুল হাই। সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস সামনে রেখে ইতিমধ্যে ছয় লাখ টন ভোজ্যতেল ও পাঁচ লাখ টন চিনি মজুদ করা হয়েছে। রমজান মাসের আগে এ মজুদের পরিমাণ আরও বাড়ানো হবে। সেই সঙ্গে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন বলেও সভায় জানানো হয়।বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি লুৎফুল হাই বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বাজার নিয়ন্ত্রণে থাকলে সারা দেশের বাজারই ঠিক থাকবে। সাধারণত এ তিন বাজার থেকেই সমস্যার সূত্রপাত হয়। এ কারণেই কমিটি এ সুপারিশ করেছে। তিনি জানান, রমজান মাসে ছোলা, খেজুর, মুড়ি, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। কমিটির সভাপতি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো কিছুর দাম নির্ধারণ করে দেওয়া হবে না। তবে বর্তমানে যে দাম আছে, রমজানে তা যেন আর না বাড়ে সেদিকে খেয়াল রাখা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে রপ্তানির যে লক্ষ্যমাত্রা ছিল তা হয়তো পূরণ হবে না। গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন কম হওয়ায় রপ্তানি কমে গেছে।