রোজার মাসে যানজট পরিস্থিতি সহনীয় রাখতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চট্টগ্রাম নগরে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলে নিষেধাজ্ঞা আসছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ মিলনায়তনে ব্যবসায়ী, আমদানিকারক ও দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে জানান, রমজান মাসে যানজট নিরসনের জন্য বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নগরে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ব্যবসায়ী ও চেম্বার নেতারাও এ বিষয়ে পুলিশের সঙ্গে একমত পোষণ করেছেন।
এ কে এম শহিদুর রহমান জানান, সভায় রমজান সামনে রেখে বাজার তদারকি, মজুতদারি বন্ধ, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন বিপণিবিতানে নিরাপত্তার জন্য সিসি টিভির ব্যবস্থা করা, বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার, পাড়া-মহল্লায় টহল বৃদ্ধি করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
নগর পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, উপপুলিশ কমিশনার (ডিবি) কুসুম দেওয়ান। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সালামত আলী, মো. কামাল উদ্দিন, কামাল উদ্দিন তালুকদার, মোস্তাক আহম্মদ চৌধুরী, এস এম ইয়াকুব, মো. আমিনুল হক প্রমুখ।