রমজানে নিরাপদ খাদ্যের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্যসামগ্রী নিশ্চিত করা এবং ভেজাল খাদ্য প্রতিরোধের দাবিতে গতকাল বুধবার রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটির রাজশাহী জেলা শাখা। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও পেশাজীবীরাও কর্মসূচিতে অংশ নেন।
সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, রোজার মাস শুরু হতে না-হতেই মুনাফালোভী ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন। বাজার মনিটরিং না থাকায় নানা কৌশলে বাজার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।
বক্তারা আরও বলেন, ভুঁইফোড় কিছু ব্যবসায়ী মেলার নাম করে নগরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাঁরা সাধারণ মানুষকে মানসম্মত পণ্য বিক্রির নামে ধোঁকা দিচ্ছেন। অথচ এ বিষয়ে বণিক সমিতি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মনিটরিং নেই। রমজানে এ ধরনের সব মেলা বন্ধ এবং ক্ষতিকর রাসায়নিক দিয়ে ইফতারসামগ্রী তৈরি প্রতিরোধে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে পরিষদের সভাপতি লিয়াকত আলী, বেসরকারি সংস্থা আসক ফাউন্ডেশনের রাজশাহী নগর সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি রাজশাহীর নেতা আইয়ুব আলী তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেমায়েতুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।