রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে সমাবেশ হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ বলেন, পবিত্র রমজান মাস এলেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ান। অথচ রমজানের আগে ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী বৈঠক করে দ্রব্যমূল্য বাড়বে না বলে আশ্বাস দেন। কিন্তু রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। নারায়ণগঞ্জে বাজারগুলোতে সার্বক্ষণিক তদারকির জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান তিনি।
নগরের ২ নম্বর রেলগেট এলাকায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিখিল দাস, আবু নাঈম খান প্রমুখ।