রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে সমাবেশ হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ বলেন, পবিত্র রমজান মাস এলেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। অথচ রমজানের আগে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী বৈঠক করে থাকেন এবং দ্রব্যমূল্য বাড়বে না বলে আশ্বাস দেন। কিন্তু রমজান এলে বাজারে উল্টো চিত্র হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। নারায়ণগঞ্জের প্রতিটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকির জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান তিনি।
মন্টু ঘোষ বলেন, ঈদ এলেই পোশাক কারখানার মালিকদের টালবাহানা শুরু হয়। অনেক মালিক শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে চলে যান। ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে ওই সব কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
নগরের ২ নম্বর রেলগেট এলাকায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুল হাই শরীফ, নিখিল দাস, আবু নাঈম খান প্রমুখ।