রমজানে পেশা বদলান তাঁরা
রেজাউল মোল্লা রাজধানীর শেওড়াপাড়া বাজারের একটি মাছের দোকানে কাজ করেন। বছরে ১১ মাস এই কাজ করলেও এক মাস তিনি ভ্যানে করে শিশুদের পোশাক বিক্রি করেন।
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রতিবছর এক মাসের জন্য রেজাউল মোল্লা (৩২) পেশা পরিবর্তন করেন। চার বছর ধরে পবিত্র রমজান মাসে তিনি বাচ্চাদের পোশাক বিক্রি করে আসছেন।
আয় বেশি হয় বলেই এক মাসের জন্য এই পেশা বদল বলে জানালেন সিরাজগঞ্জের রেজাউল মোল্লা। এই এক মাসের ভিন্ন পেশায় তাঁর মধ্যে একধরনের ভালো লাগাও থাকে। তিনি বলেন, ‘সারা বছর তো বাজারের মধ্যে মাছ নিয়েই থাকি। এই এক মাস বাইরে ব্যবসা করতে আনন্দই লাগে।’
রেজাউলের পোশাকের ক্রেতা মূলত নিম্নবিত্ত পরিবারের মানুষেরা। সবচেয়ে বেশি কেনেন পোশাক কারখানার কর্মীরা।
এই লাভের টাকাতেই মূলত রেজাউল মোল্লার পরিবারের ঈদের খরচ হয়ে যায়। বাড়তি কিছু টাকাও থাকে। সেই টাকা গ্রামে ঈদ শেষে শহরে ফেরার আগে স্ত্রীর হাতে দিয়ে আসেন।
রেজাউল বলেন, অনেক সময় দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে তিক্ততার সৃষ্টি হয়; তখন ভালো লাগে না। সবচেয়ে খারাপ লাগে যখন কেউ পাঁচ-দশ টাকার জন্য অনেকক্ষণ ধরে বাছাই করার পরেও পোশাকটি রেখে যান।
সবজি বিক্রেতা সাদেক হোসেনও (২৭) রমজান মাসে পেশা বদলে ফেলেন। এ সময় ভ্যানে করে বিক্রি করেন ধর্মবিষয়ক বই, সুগন্ধি ও তছবিহ। সাদেক হোসেন জানালেন, রমজানে দিনে কমবেশি হাজার পাঁচেক টাকা বিক্রি হয়। লাভও হয় ভালোই।
রাজধানীতে এমনই অনেকেরই এখন দেখা মিলছে, যাঁরা ঈদ সামনে রেখে পেশা বদলে ফেলেছেন। বছরের ১১ মাস অন্য কাজ করলেও রমজান মাসে তাঁরা নানা রকম পেশা বেছে নেন। সাধারণত অল্প পুঁজিতে লাভ বেশি হয়—এমন কাজের প্রাধান্য থাকে বেশি। তাঁরা যে হুট করে পেশা বদল করেন, এমনটা নয়। আগে থেকে পরিকল্পনামাফিক কিছু টাকা সঞ্চয় করে থাকেন। রেজাউল মোল্লাও ব্যবসায় খাটানোর জন্য তাঁর সারা বছরের আয় থেকে কিছু টাকা জমিয়ে রাখেন।
এসব অস্থায়ী ব্যবসায়ী রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রাস্তার মোড়, গলির মুখে বা ফুটপাতে বেচাকেনা করে থাকেন। এ জন্য অবশ্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তিকে কিছু টাকা দিতে হয়।
কারওয়ান বাজারে শিশুদের জুতা বিক্রি করেন হারিছ তালুকদার। অন্য সময় তিনি আড়তে কাজ করেন। তিনি মূলত চীনে তৈরি জুতা বিক্রি করেন। হারিছ তালুকদার বলেন, ঈদে শিশুদের জুতা বেশি চলে। ধনী-গরিব সবাই শিশুদের জন্য এক জোড়া সুন্দর জুতা কিনতে চান।
হারিছ তালুকদার রাস্তায় বসে জুতা বিক্রি করেন। তাঁর দোকানে কথা হয় নিয়াজ রহমানের সঙ্গে। চার বছরের মেয়ের জন্য জুতা কিনছেন তিনি। নিয়াজ বলেন, ফুটপাত থেকে কিনলে দামটা কম পড়ে। পাশ থেকে আরেক ক্রেতা বলেন, এখানে অনেক রকমের জুতা আছে, আবার দামটাও কম।
হারিছ তালুকদারের পাশে ছেলেমেয়েদের জামাকাপড় নিয়ে বসেছেন রফিক হোসেন। অন্য সময় তিনি বিড়ি-সিগারেট বিক্রি করেন। রোজায় এসব পণ্য বিক্রি কম হয় বলেই তাঁর পেশা বদল। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে, এসব অস্থায়ী ব্যবসায়ী মূলত বাচ্চাদের পোশাক, জুতা, বড়দের প্যান্ট, শার্ট, সালোয়ার-কামিজ, প্রসাধনসামগ্রী, খেজুরসহ নানা ধরনের পণ্য বিক্রি করেন। ঈদ শেষে তাঁরা ফেরেন পুরোনো পেশায়। তা নিয়ে কারও কারও আফসোসও কম নয়। এই এক মাস আর্থিক লাভের পাশাপাশি ভিন্ন পরিবেশে কাজ করায় তাঁরা মানসিক প্রশান্তিও পান। এ জন্য রমজান শেষ না হতেই আবার দিন গুনতে শুরু করেন আগামী ঈদের।