রমজানে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরসহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক সমন্বয়ে ৮ জুলাই থেকে ঈদ-উল-ফিতরের তিন দিন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং প্রতিটি জেলা ও ইউনিটে নিয়ন্ত্রণ কক্ষ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেশের সব রেলওয়ে স্টেশন, বাস, লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ বিপণিবিতানগুলো সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হবে।

বৈঠকে তারাবির নামাজের সময় অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে গভীর রাত পর্যন্ত পর্যাপ্ত নৈশ টহলের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মহাসড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো যানবাহন তল্লাশি করা হবে না। তবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষ তৎপর থেকে দায়িত্ব পালন করবে।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতে রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে টিকিট কালোবাজারি প্রতিরোধে পুলিশ, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানের ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া রমজান মাসে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলে জানানো হয়।