রমজানে বাড়তে পারে যানজট
যানজটে যেন থমকে আছে ঢাকা শহর। শবে বরাতের ছুটির পর এই যানজট দুর্বিষহ হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার রাজপথে কখনো দীর্ঘ সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো ধীরগতিতে গাড়ি চলতে দেখা গেছে। বেশ খানিকটা রাত পর্যন্ত যানজটের কবল থেকে মুক্তি পায়নি নগরবাসী। আসন্ন রমজান মাসে যানজটের ভোগান্তি আরও বাড়তে পারে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, পবিত্র রমজান শুরুর আগে যান চলাচল বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি হয়েছে। রমজান মাস আসার আগে আগে ব্যবসা-বাণিজ্য বেড়ে যায়। মৌসুমি ব্যবসায়ীরা ঢাকায় আসতে শুরু করেন। ফলে স্বাভাবিকভাবেই যানজট বাড়ে। রোজার ঈদের আগে এ ধরনের যানজট থেকে রক্ষা পাওয়া নগরবাসীর জন্য কঠিন হবে।
গতকাল সকাল নয়টার আমিনবাজার থেকে মোটরসাইকেলে করে পান্থপথে অফিসের উদ্দেশে বের হন আতিকুর রহমান। ফাঁকফোকর দিয়ে বের হলেও নয় কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে এক ঘণ্টা।
পথে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে মিরপুর, উত্তরা থেকে মতিঝিল এলাকায় চলাচলকারী মানুষের। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সৈয়দা রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, মিরপুর ১২ নম্বরের বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে রওনা দেন সকাল আটটার দিকে। মতিঝিলে অফিসে পৌঁছান সকাল পৌনে ১০টার দিকে। এর আগে গত বুধবার সকালে একই সময় রওনা দিয়ে অফিসে পৌঁছান সাড়ে ১০টার পর।
গতকাল বেলা একটায় ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, ভিআইপি সব সড়কের যানবাহনের চাপ বেশি ছিল। এ ছাড়া প্রেসক্লাব, পল্টন, মৎস্য ভবন, ধানমন্ডি এলাকায় যানজট ছড়িয়ে গেছে। ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গতকাল সকালে প্রধানমন্ত্রী জাপান সফরে যান। এ জন্য সকালে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার রাজীব দাস প্রথম আলোকে বলেন, ঢাকার যানজট অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছিল। কিন্তু রোববার ছাড়া এই সপ্তাহে তিন দিন অফিস-আদালত বন্ধ ছিল। ছুটির পর মানুষের ব্যস্ততা বেড়ে গেছে। বিকেলে অফিস-আদালত ছুটির সঙ্গে সঙ্গে যানজট প্রকট আকার ধারণ করে।