রমজানে সিএনজি স্টেশন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে
রমজানে বিদ্যুৎ পরিস্থিতি হবে আবহাওয়ানির্ভর
এবারের পবিত্র রমজানে দেশের বিদ্যুৎ পরিস্থিতি হবে আবহাওয়ার ওপর নির্ভরশীল। নিয়মিত বৃষ্টি-বাদল হয়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলে বিদ্যুৎ পরিস্থিতিও ভালো থাকবে। আর বৃষ্টি না হলে বা গরম তীব্রতর হলে বিদ্যুৎ পরিস্থিতি অপেক্ষাকৃত খারাপ হবে। এ ক্ষেত্রে গ্রামাঞ্চল তো বটেই, শহর-নগরও লোডশেডিং থেকে রেহাই পাবে না।
তবে এ অবস্থা মোকাবিলার জন্য সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। গত রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় নেওয়া এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে—বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য রমজান মাসে সিএনজি স্টেশন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা (এখন রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়), যমুনা সার কারখানা বন্ধ রাখা এবং প্রয়োজনে গ্যাসভিত্তিক আরও কিছু শিল্পে গ্যাস সরবরাহ সীমিত করা।
সভায় পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়েছে, এসব পদক্ষেপ নেওয়া হলে তারা বিদ্যুৎ উৎপাদনে বর্তমানের ১০০ কোটির স্থলে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারবে। অবশ্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য ১২০ কোটি ঘনফুট গ্যাস দরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে গ্যাস-বিদ্যুৎ দুইয়েরই চাহিদা বাড়ে। তাদের ধারণা, এ সময়ে সর্বোচ্চ চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতি এক হাজার মেগাওয়াট হতে পারে। তবে গরমের তীব্রতা বাড়লে সমস্যাও বাড়তে পারে।
তবে রমজানে বিদ্যুৎ পরিস্থিতি ভালো রাখার জন্য সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তেলভিত্তিক কেন্দ্রগুলো যাতে ঠিকঠাক চলে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে। সঞ্চালন ও বিতরণব্যবস্থা স্বাভাবিক রাখতেও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাহক প্রান্তে কিছু বিশেষ ব্যবস্থাপনার (ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট) উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ১৫ রমজান পর্যন্ত সব ধরনের দোকানপাট রাত আটটায় বন্ধ করা; বিপণিবিতান, পেট্রলপাম্প, সিএনজি স্টেশন, সুপার মার্কেট প্রভৃতিতে প্রয়োজনের বেশি বাতি ব্যবহার না করা; ইফতার ও তারাবির নামাজের সময় এসির সাশ্রয়ী ব্যবহার করা; সপ্তাহের একেক দিন নগরের একেক এলাকার দোকানপাট বন্ধ রাখার নিয়ম (হলিডে স্ট্যাগারিং) অব্যাহত রাখা প্রভৃতির ওপর জোর দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় ও পিডিবির সূত্র বলেছে, বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াটে উন্নীত হলেও প্রকৃত সর্বোচ্চ উৎপাদন এখন পর্যন্ত করা সম্ভব হয়েছে ৮ হাজার ৪৮২ মেগাওয়াট। জ্বালানির স্বল্পতা না থাকলে প্রায় ১২ হাজার মেগাওয়াট উৎপাদন করা সম্ভব।