রমজানে বেগুন দামে পাঁচ গুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে ইফতারির একটি মজাদার ও সুস্বাদু খাবারের পদের নাম বেগুনি। আর এ খাবার তৈরির প্রধান উপাদান বেগুন। তাই বছরের অন্যান্য মাসের তুলনায় রমজানে এ সবজির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর দামও লাফিয়ে লাফিয়ে বাড়ে।দেশের অন্যতম বড় সবজির বাজার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি হাটে গিয়ে সে কথারই প্রমাণ মেলে। ডুগডুগির হাটে রমজান মাস শুরু হওয়ার তিন দিন আগেও প্রতি কেজি বেগুন পাঁচ টাকা দরে বিক্রি হয়েছে। আর শুক্রবার এ হাটের পাইকারি বাজারে এক কেজি বেগুনের দাম ২৫ টাকা হয়েছে। ওই দিন এ বাজারে গিয়ে এ দামে বেগুন বিক্রি করতে দেখা গেছে।ডুগডুগি হাটের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, ঢাকা, চট্টগ্রামসহ আশপাশের জেলার মানুষের বেগুনের চাহিদার বড় অংশের জোগান দেন চুয়াডাঙ্গার চাষিরা। চাষিরা তাঁদের খেত থেকে বিক্রির জন্য বেগুন সরাসরি ডুগডুগি হাটে নিয়ে আসেন। চাহিদা বাড়ায় রমজান মাসে প্রতিদিন অন্তত ২০টি ট্রাকে করে পাইকারি ব্যবসায়ীরা বেগুন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বড় মোকামে নিয়ে যান।ঢাকা ও চট্টগ্রামে নিয়মিত ট্রাকে করে বেগুন নিয়ে যান পাইকারি ব্যবসায়ী মোক্তার আলী। তিনি জানান, দেশের অন্যান্য জেলায় অতিবৃষ্টি ও বন্যার কারণে খেত তলিয়ে যাওয়ায় বেগুন নষ্ট হয়ে গেছে। তাই সারা দেশের ব্যবসায়ীরা এখন চুয়াডাঙ্গায় বেগুন কিনতে আসছে। এ কারণে শুক্রবার ডুগডুগি হাটে বেশি আমদানি হলেও প্রতি কেজি বেগুন বেশি দামে বিক্রি হয়েছে।দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের বেগুনচাষি এনামুল হক এ বছর দেড় বিঘা জমিতে বেগুনের আবাদ করেছেন। তিনি জানান, গত সোমবার প্রতি কেজি বেগুন পাঁচ টাকা দরে বিক্রি করেছেন। শুক্রবার পাইকারি ব্যবসায়ীরা প্রতি কেজি ১৮ টাকা বললেও তিনি বিক্রি করেননি। এ হাটে পাইকারি ব্যবসায়ীরা আসায় স্থানীয় খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। খুচরা বিক্রেতা মহাসীন আলী ও আমিন হোসেন জানান, স্থানীয় ক্রেতারা বেশির ভাগই দরিদ্র। বেগুনের দাম বেড়ে যাওয়ায় বিক্রিও কমে গেছে। রোজার বাকি দিনগুলোতে দাম বেড়ে কত হবে, তা এখন বলা যাচ্ছে না।