রমজানে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
রমজান মাসের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত (প্রতিদিন ছয় ঘণ্টা) বন্ধ রাখা হবে। রমজানে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে পেট্রোবাংলা ও সিএনজি পাম্পস্টেশনের মালিকদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ রমজানের পর থেকে আবার এখনকার মতো বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো (প্রতিদিন চার ঘণ্টা) বন্ধ থাকবে।রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গত সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল পাম্পস্টেশনের মালিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় আলোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো।সভায় পেট্রোবাংলা রমজান মাসে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব দিলে মালিকদের পক্ষ তা পাঁচ ঘণ্টা করার দাবি জানায়। শেষ পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্তই চূড়ান্ত হয়।