রমজানে মাংসের দাম একই থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানে দেশি গরুর মাংস কেজিপ্রতি ২৮০ টাকা, বিদেশি গরুর মাংস ২৬০ টাকা, মহিষের মাংস ২৫০ টাকা, খাসির মাংস ৪৫০ টাকা, ছাগী ও ভেড়ার মাংস ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত এই মূল্যতালিকা কার্যকর থাকবে ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত।
রাজধানীর ফুলবাড়িয়ায় নগর ভবনে গতকাল রোববার বিকেলে ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে ও ঢাকা দক্ষিণের প্রশাসক ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে দুই করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মাংস ব্যবসায়ীদের এক সভায় এ দাম নির্ধারণ হয়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইট অনুযায়ী, গতকাল পর্যন্ত বাজারে গরুর মাংস কেজিপ্রতি ২৭০-২৮০ টাকা, খাসি ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ওয়েবসাইটে দেশি-বিদেশি গরু কিংবা ছাগী-ভেড়া-খাসি হিসেবে মাংসের দাম চিহ্নিত করা নেই।
সভায় ঢাকা উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘রমজান মাসের আগেই মাংসের দোকানে অবশ্যই দর লিখে টানিয়ে রাখবেন। ডিজিটাল পাল্লায় সঠিক ওজন দেবেন। মহিষ, বিদেশি গরু, দেশি গরু, খাসি, ছাগী ও ভেড়ার মাংস চিহ্নিত করে রাখতে হবে।’
দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান বলেন, ‘বাজারে মহিষের মাংস খঁুজে পাওয়া যায় না। সব বিদেশি গরু দেশি গরু হয়ে যায় আর সব ছািগ-ভেড়ার মাংস খাসি হয়ে যায়। এমনটি আর দেখতে চাই না।’
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা বলেন, ‘আমরা কথা দিচ্ছি খারাপ মাংস বিক্রি করব না। কিন্তু রমজানে অযথা ভ্রাম্যমাণ আদালত দিয়ে হয়রানি করবেন না।’ সিটি করপোরেশনের পর্যাপ্ত জবাইখানা নেই দাবি করে তিনি আরও বলেন, ‘জবাইখানা না থাকায় বাধ্য হয়ে যেখানে-সেখানে গরু জবাই করতে হয়। এ জন্য সিটি করপোরেশনের প্রশাসন দায়ী।’
সভায় আরও বক্তব্য দেন ঢাকা উত্তরের প্রশাসক ফারুক জলিল, উত্তরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ আহমেদ, দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশিদ, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল আলম ও ঢাকা মেট্রোপলিটান মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ।