রমজানে মাছের বাজারও চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে মাছের দাম চড়া। সব মাছের দামই প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বাজারে সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যতালিকা থাকলেও তাতে মাছের মূল্য নির্ধারণ করা হয় না। বিক্রেতারাও এ সুযোগ নিচ্ছেন।

রমজান মাসে চিনি, ছোলা, লম্বা বেগুন, চীনা রসুন, শসাসহ বিভিন্ন সবজির মতো মাছের দামও বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের খরচ বেড়েছে।

গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার মহাখালী, মিরপুর-১, হাতিরপুল, কল্যাণপুর ও কারওয়ান বাজার ঘুরে এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজান মাস শুরুর দুই দিন আগে থেকেই মাছের দাম কিছুটা বাড়তি ছিল।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০-৩৮০ টাকা, কাতলা ৩০০-৪০০ টাকা, তেলাপিয়া ১৪০-২০০ টাকা, পাবদা ৫০০-‍ ৭০০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, চাষের কই ১৮০-২৫০ টাকা, চিংড়ি ৪০০-৮০০ টাকা, চাষের পাঙাশ ১২০-১৬০ টাকা, ইলিশ ১৫০০-১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মহাখালী কাঁচাবাজারের মাছ বিক্রেতা কামাল হোসেন বলেন, দাম খুব একটা বাড়েনি। আগের সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে প্রায় সেই দামেই এখনো বিক্রি হচ্ছে। কিছু ক্রেতা আছেন বাজারে এসেই দাম বাড়ার কথা বলতে থাকেন। একই রকম কথা বলেন আরও কয়েকজন মাছ বিক্রেতা।

তবে বিক্রেতাদের এই দাবির সঙ্গে একমত নন মাছ কিনতে আসা লোকজন। তাঁদের একজন সোলেমান ভূঁইয়া বলেন, ‘বিক্রেতারা দাম বাড়ালেও স্বীকার করতে চান না। গত সপ্তাহে যে রুই মাছ ২২০ টাকা কেজি কিনলাম, সেটা আজ ৩০০ টাকা চাইছে। টাকা তো যায় আমাদের পকেট থেকে।’

কৃষি বিপণন অধিদপ্তরের করা ঢাকা মহানগরের দৈনিক বাজারদরের তালিকায় দেখা যায়, দেশি রুই মাছের দাম বাজারভেদে ২০০ থেকে ২৮০ টাকা আর আমদানি করা রুই ১৭০ থেকে ২৮০ টাকা। বাজার ঘুরে অবশ্য এই দামের চেয়ে বেশি দামে রুই মাছ বিক্রি করতে দেখা যায়। বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে দেশি রুই কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হয়।

মিরপুর-১ নম্বর কাঁচাবাজারে আসা আশিকুর রহমান বলেন, রমজান মাস এলেই বিক্রেতারা নানা কৌশলে দাম বাড়ান। সরকারি সংস্থাগুলো এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্রেতারা নিরুপায়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন মাছের দাম নির্ধারণ করে না। মাছ তাজা কি না, ওজনে কম দেওয়া হচ্ছে কি না—মূলত এ বিষয়গুলো দেখা হয়। মাছের বাজারে মূল্যতালিকার ব্যবস্থা করার বিষয়ে সিটি করপোরেশন চিন্তাভাবনা করছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীর বড় বড় বাজার ঘুরে নিত্যপণ্যের প্রতিদিনের দরের তালিকা তৈরি করে। ওই তালিকায় মাছের মধ্যে শুধু রুই ও ইলিশ মাছের দাম উল্লেখ থাকে। তাতে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে রুই মাছের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। তবে ইলিশের দাম অপরিবর্তিত।

বিভিন্ন বাজারে অন্তত ২০ জন ক্রেতার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁদের অধিকাংশই মাছের বিক্রয়মূল্য নির্ধারণ করে দেওয়ার পক্ষে মত দেন। তবে সরকার–নির্ধারিত সেই তালিকা ব্যবসায়ীরা মানবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, মাছের দাম প্রতিনিয়ত ওঠানামা করে বলে এটি নির্ধারণ করাটা কঠিন। সরবরাহের ওপর অনেক কিছু নির্ভর করে। মাংসের মতো মাছের দামও নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে।