রমজানে মিলগেটে চিনির দাম হবে ৪৫ টাকা কেজি
আগামী রমজান মাস সামনে রেখে মিলগেটে চিনির দাম ৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে খুচরা বাজারে চিনির দাম পড়বে কেজিপ্রতি সর্বোচ্চ ৪৮ টাকা। গতকাল রোববার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যসচিব গোলাম হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে গতকাল বিকেলে বৈঠকের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব জানান, ‘আমরা চিনি ব্যবসায়ীদের বলেছি, তাঁরা যাতে রমজান মাস সামনে রেখে মিলগেটে চিনির দাম ৪৫ টাকা রাখেন।’ সচিব জানান, বর্তমানে চিনি ছাড়া অন্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে চিনির দামও যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে জন্য মিলগেটে চিনির একটি দাম ঠিক করে দেওয়া হয়েছে। মিলগেটে ৪৫ টাকা কেজি দরে চিনি বিক্রি হলে খুচরা বাজারে এর সর্বোচ্চ দর পড়বে ৪৮ টাকা। সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনির বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ বাড়ানো এবং সরবরাহ আদেশ (ডিও লেটার) আটকে না রাখারও পরামর্শ দেওয়া হয় মিলমালিকদের। এ ছাড়া সম্প্রতি চিনির দাম বাড়ার কারণগুলো জানতে চাওয়া হয় ব্যবসায়ীদের কাছে। বৈঠকে মিলমালিকেরা চিনির দাম বাড়ার কারণ আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে দায়ী করেছেন বলে জানা গেছে। তবে চিনির ডিলার-ব্যবসায়ীরা বলেছেন, ডিও আটকে রাখায় তাঁরা চিনি পাচ্ছেন না। এ কারণে পাইকারি বাজারে চিনি সরবরাহ কমে গেছে। ব্যবসায়ীরা আরও জানান, ভারতে চিনির দাম বেশি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া সীমান্ত দিয়ে চিনি পাচার হয়ে যাচ্ছে কি না, তাও খতিয়ে দেখা দরকার।