রমজানেই পণ্য বিক্রি বন্ধ রেখেছে টিসিবি
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি করা হয়। কিন্তু টিসিবির রংপুর বিভাগীয় কার্যালয় রমজানের শুরু থেকেই এ কার্যক্রম বন্ধ রেখেছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর মুহম্মদ শামীম কিবরিয়া জেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পুরো রমজান মাসই বাড়তি টাকা গুনতে হয়েছে সাধারণ মানুষদের।
ঠাকুরগাঁও শহরের খালপাড়া মহল্লার দিনমজুর রহমত আলী অভিযোগ করে বলেন, রমজানের শুরুতে দু-তিন দিন ট্রাকে করে মালামাল বিক্রি করা হচ্ছিল। এরপর তাদের আর দেখা যাচ্ছে না। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ট্রাকে মালামাল বিক্রি বন্ধ হয়ে গেছে।
জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, ঠাকুরগাঁওয়ে টিসিবির ১৫ জন ডিলার আছেন। কিন্তু চলতি রমজানে বরাদ্দের পণ্য তুলেছেন মাত্র দুজন। কোনো ডিলার পরপর তিন দফা বরাদ্দ না তুললে তাঁর লাইসেন্স বাতিলের বিধান রয়েছে।
টিসিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা বলেন, প্রত্যেক ডিলারের জন্য দৈনিক বরাদ্দ ছিল ৫০০ কেজি ছোলা, ৫০০ কেজি চিনি, মসুর ডাল ২০০ কেজি ও সয়াবিন তেল ২০০ লিটার। একজন ক্রেতা একবারে চার কেজি চিনি, পাঁচ লিটার তেল, দুই কেজি ছোলা ও এক কেজি মসুর ডাল কিনতে পারবেন। সেখানে চিনি ৩৭ টাকা, ছোলা ৫৩, সয়াবিন তেল ৮৯ ও মসুর ডাল ১০৩ টাকা দরে বিক্রি করা হবে।
টিসিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধান কর্মকর্তা প্রতাপ কুমার বলেন, গত দুই বছর রমজানের শেষ পর্যন্ত পর্যাপ্ত বিক্রি না হওয়ায় বিপুল পরিমাণে ছোলা ও ডাল গুদামে পড়ে থাকে। লোকসান কমাতে সেসব পণ্য নিলামে বিক্রি করে দিতে বাধ্য হয় টিসিবি। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে রমজানের প্রথম সপ্তাহ থেকেই ছোলা ও ডাল বিক্রি বন্ধ রাখা হয়েছে। মাত্র দুটি পণ্য রংপুর থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের মতো দূরের এলাকায় বিক্রি করতে স্থানীয় ডিলারদের মধ্যে অনীহা দেখা দেয়। এ কারণে ২৪ জুনের (ষষ্ঠ রোজা) পর থেকে জেলা শহরগুলোতে এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, টিসিবির গুদামে এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল ও চিনি মজুত রয়েছে। ডিলাররা আগ্রহী হলে তাঁদের বরাদ্দ তুলতে পারেন।
টিসিবির ঠাকুরগাঁওয়ের ডিলার নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে শুধু দুটি পণ্য (সয়াবিন তেল ও ছোলা) এনে বিক্রি করতে গেলে পরিবহন খরচ বেশি পড়ে। এ ছাড়া রয়েছে শ্রমিকের মজুরি। ফলে পুঁজির টাকাটা ওঠাতেও কষ্ট হয়। তিনি আরও বলেন, টিসিবির পণ্যতালিকার সীমিত দু-তিনটি পণ্য দিয়ে ক্রেতা আকৃষ্ট যায় না। ফলে ডিলাররাও এসব কারণে আর টিসিবির পণ্য তোলেন না।
ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা রিকশাচালক মোকছেদুর রহমান জানান, টিসিবির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তাঁকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বাড়তি খরচ করতে হয়েছে। এখন তাঁদের প্রতি কেজি ছোলা কমপক্ষে ৬০ টাকা, চিনি ৪০ এবং সয়াবিন তেল লিটারপ্রতি ৯৫ টাকা দরে কিনতে হচ্ছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, টিসিবির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা বঞ্চিত হচ্ছেন। সরকারের সদিচ্ছা থাকলেও শুধু টিসিবির সিদ্ধান্ত ও ডিলারদের কারণে মুখ থুবড়ে পড়ছে এ সেবা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বলেন, ঠাকুরগাঁওয়ে সব ডিলার পণ্য তুলে সরবরাহ করলে সাধারণ নাগরিকদের বাজার থেকে বেশি দামে পণ্য কেনার প্রয়োজন হতো না। সাধারণ মানুষ কম দামে পণ্য কিনে স্বস্তিতে থাকতে পারত।