পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি (ভাস্কর্য) অপসারণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। যথাসময়ে এটি সরানো না হলে তাঁরা রাস্তায় নামার হুমকি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তাঁরা এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দেশের ওলামায়ে কেরামকে মূর্তিটি সরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই রমজানের আগেই এটি অপসারণ করতে হবে।
প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তৌহিদি জনতার চাওয়াকে গুরুত্ব দিন এবং এই ইস্যুতে দেশে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে জন্য মূর্তি অপসারণে দ্রুত পদক্ষেপ নিন।’
হেফাজতের দুই নেতা বিবৃতিতে বলেন, তাঁরা শিল্পকর্ম ও স্থাপত্যকলার বিরুদ্ধে নন। বরং মানুষের শিল্পবোধ ও মননশীলতার উন্নয়নে এগুলোর গুরুত্ব রয়েছে। শিল্পকর্ম ও স্থাপত্যকলায় ইসলামের আপত্তি নেই।