বর্ধিত ভবনের সামনে থেকেও ভাস্কর্য সরানোর দাবি
রমজানের পর বৃহৎ কর্মসূচির হুমকি হেফাজতে ইসলামের
সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের সামনে থেকেও ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবি তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলছেন, অবিলম্বে ভাস্কর্য সরানো না হলে রমজানের পর বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে হেফাজত নেতারা এ দাবি জানান। সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপত্বি করেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসেন কাসেমী। তিনি বলেন, ‘গ্রিক দেবীর মূর্তি অপসারণের কারণে আমরা গত শুক্রবার ধন্যবাদ জানিয়েছিলাম প্রধানমন্ত্রীকে। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে আজ আমাদের প্রতিবাদ সমাবেশে সমবেত হতে হয়েছে। মূর্তি অপসারণের পর আবার প্রতিস্থাপন তামাশা ছাড়া আর কিছু নয়।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে ঢাকা মহানগর হেফাজতের সহসভাপতি মুজিবুর রহমান পেশওয়ারী বলেন, ‘তিন-চারজন লোকের কারণে আপনার ভোট বাক্স কমছে। ৫ জানুয়ারির নির্বাচন সামনে আশা করবেন না। আগামী নির্বাচনে স্বয়ং মোদি এসেও আপনাকে ক্ষমতায় বসাতে পারবেন না।’
হেফাজত নেতা মাওলানা মামুনুল হক বলেন, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা হয়েছে ভিনদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য। সুপ্রিম কোর্টের কোনো স্থানেই মূর্তি থাকতে দেওয়া হবে না।
হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি জুনায়েদ আল হাবীব ২৪ ঘণ্টার মধ্যে মানবাধিকারকর্মী সুলতানা কামালকে গ্রেপ্তার করার দাবি জানান। তিনি হুমকি দেন, সুলতানা কামাল রাস্তায় নামলে তাঁর ‘হাড্ডি-গোস্ত রাখা হবে না’। জুনায়েদ আল হাবীব দাবি করেন, সুলতানা কামাল বলেছেন যে ভাস্কর্য থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না।
সুলতানা কামাল প্রথম আলোকে বলেছেন, তিনি এ ধরনের কথা বলেননি। তাঁর বক্তব্যকে হেফাজতে ইসলাম বিকৃতভাবে উপস্থাপন করছে।