রমজানের প্রথম দিনেই তেতে উঠেছে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের প্রথম দিনেই তেতে উঠেছে বগুড়ার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজার। এক লাফে দুই থেকে তিন গুণ বেড়েছে বেগুন, শসা, লেবু, ধনেপাতাসহ বিভিন্ন সবজির দাম। বেড়েছে ফল ও মাছ-মাংসের দামও। মাছের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ৭০০ টাকা কেজির ইলিশ এক লাফে উঠেছে এক হাজার ৪০০ টাকায়। কেজিতে গড়ে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম।গতকাল শনিবার সকালে শহরের ফতেহ আলী, রাজাবাজার ও চাঁদনীবাজারে (কাঁঠালতলা) সরেজমিনে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ার এ তথ্য মিলেছে। ফতেহ আলী বাজারে সবজি কিনতে আসা কাটনারপাড়ার বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘রোজা শুরু হতে না হতেই লাফাতে শুরু করেছে বেগুনের বাজার। ১৬ টাকা কেজির বেগুন কিনতে হলো ৪০ টাকায়।’ বাজার ঘুরে জানা যায়, গোল বেগুন প্রতি কেজি ৪০ টাকা, ধনেপাতা ১৮০, শসা ৩২ থেকে ৩৬, পটল ২৪ ও লেবু প্রতি হালি ২৪ টাকায় বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা ইউসুফ আলী জানান, রমজানের আগে গোল বেগুন প্রতি কেজি ১৬, ধনেপাতা ৮০, শসা ১৬, পোটল ১৬ ও লেবু প্রতি হালি ৮-১০ টাকায় বিক্রি হয়েছে। বাজার করতে আসা লুৎফর রহমান বলেন, ‘মাছের বাজার খুব চড়া।’ মাছ ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘রোজার আগের ৬০০ টাকা কেজির টেংরা মাছ ৮০০ টাকা, ৩০০ টাকা কেজির বড় কাতলা মাছ সাড়ে ৬০০ টাকা, ৭০০ টাকার ইলিশ এক হাজার ৪০০ টাকায়, ৮০০ টাকার মাগুর এক হাজার টাকায়, ৫০০ টাকার শিং ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।মুরগি ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘রোজার আগে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, বর্তমানে তা ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।’এদিকে বাজারে দুই সপ্তাহ ধরে প্যাকেটজাত ভোজ্যতেলের সরবরাহ না থাকায় খোলা সয়াবিন তেলের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। রোজার একদিন আগে মুরগির ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হলেও এক লাফে তা এখন ৩৪ টাকায় উঠেছে।চাঁদনীবাজারের খেজুর ব্যবসায়ী শেখ মো. আসলাম জানান, খেজুরের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। চাঁদনীবাজারের ফল ব্যবসায়ী সনাতন ঘোষ জানান, সব ধরনের আপেলের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। রমজানের প্রথম দিনেই বাজার তেতে ওঠার কারণ জানতে চাইলে বাজার মনিটরিং কমিটির সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, ‘রমজান মাসে বেগুন, শসা ও ধনেপাতার মতো পণ্যের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতির কারণে বরাবরই দাম কিছুটা বেড়ে যায়। তার পরও দাম স্থিতিশীল রাখতে শহরের বাজারগুলোতে গিয়ে মনিটরিং কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ করে আসা হয়েছে। সয়াবিন তেলের মতো জরুরি পণ্যের সরবরাহে ঘাটতির বিষয়টি কমিটি খতিয়ে দেখবে। প্রয়োজনে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম আরও জোরদার করা হবে।’