রমজানের শুরুতেই বগুড়ায় দ্রব্যমূল্যলাগামহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের শুরুতেই বগুড়ায় নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম এক লাফে কয়েক গুণ বেড়েছে। মাত্র দু-এক দিনের ব্যবধানে এক লাফে দুই থেকে চার গুণ বেড়েছে কাঁচা মরিচ, বেগুন, শসা, লেবু,ধনেপাতা, পেঁয়াজসহ সব ধরনের শাকসবজি ও মাছের দাম।এক দিন আগে আধা কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ৭০০ টাকায় বিক্রি হলেও গতকাল তা এক লাফে উঠেছে এক হাজার ৫০০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। বেড়েছে খেজুর, আপেল, সেমাই, মুড়ি, কলাসহ সব ধরনের ইফতারসামগ্রীর দাম।

এদিকে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন, খেজুরসহ কয়েকটি পণ্যের খুচরা ও পাইকারি পর্যায়ে দর বেঁধে দিলেও শহরের কোথাও মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে এসব পণ্য বিক্রি হচ্ছে না। গত বুধবার শহরের ফতেহ আলী বাজার, রাজাবাজার, চাঁদনীবাজার (কাঁঠালতলা), কালিতলা এবং নামাজগড় বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির এই তথ্য পাওয়া গেছে। ফতেহ আলী, রাজাবাজার ও নামাজগড় বাজারের কাঁচামালের ব্যবসায়ীরা জানান, রমজান মাসের শুরুতে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচ, শসা, বেগুন, ধনেপাতা, পেঁয়াজ ও করলার দাম। দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৬০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা কেজিতে উঠেছে। গোল বেগুন ১৫ টাকা কেজি থেকে এক লাফে উঠেছে ৬০ টাকায়। ৬০ টাকা কেজি ধনেপাতার দাম এক দিনে বেড়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। ১৬ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ২৪ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এক হালি লেবুর দাম ১০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২৪ টাকায়। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৬ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।

ফতেহ আলী বাজারে সবজি কিনতে আসা চেলোপাড়ার সাজিদ হোসেন বলেন, ‘সব জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ১৬ টাকার বেগুন ৬০ টাকায়, ৬০ টাকা কেজির কাঁচা মরিচ ১৪০ টাকায়, ১৬ টাকার শসা ৪৮ টাকায় কিনতে হচ্ছে। ফতেহ আলী বাজারে এক কেজি ওজনের রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, ইলিশ দেড় হাজার টাকা, মৃগেল ২২০ থেকে ২৮০, সিলভার কার্প ১৮০ থেকে ২০০, টেংরা ৮০০ থেকে এক হাজার, শিং ও মাগুর এক হাজার, বিভিন্ন প্রজাতির ছোট মাছ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মন্ত্রণালয় ইরাকি খেজুরের দর খুচরা পর্যায়ে ৮৫ টাকা বেঁধে দিলেও গতকাল শহরের দোকানগুলোতে তা বিক্রি হয়েছে ১২০ থেকে ১৪০ টাকায়। এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বাজার তদারকি কমিটির সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।