রমনা কালীমন্দির পুনর্নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকার রমনা কালীমন্দিরটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।
গতকাল সোমবার মন্দির প্রাঙ্গণে একাত্তরে সংঘটিত গণহত্যায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত সমাবেশ ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
রমনা কালীবাড়ি মন্দিরটি ১৯৭১ সালের ২৭ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়। তারা মন্দির ও আশ্রমটিতে আগুন ধরিয়ে দেয়। মন্দিরের সেবায়েতসহ সেখানে অবস্থানরত প্রায় এক শ সন্ন্যাসী, ভক্ত ও সাধারণ মানুষকে হত্যা করা হয়।
গতকালের সমাবেশ থেকে বক্তারা মন্দিরটি পুনর্নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবিও জানান তাঁরা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কবি রবীন্দ্র গোপ, বিপুল রায় প্রমুখ।
সমাবেশ ও পুষ্পমাল্য প্রদান কর্মসূচিতে আরও অংশ নেয় শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের ১৯৭১ সালে ক্ষতিগ্রস্ত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন কমিটি, জাতীয় হিন্দু মৈত্রী পরিষদ, চেতনা ৭১, হৃদয়ে বাংলাদেশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জাতীয় পোস্তগোলা মহাশ্মশান কমিটি। বিজ্ঞপ্তি