রমনা কালীমন্দিরে ভাঙচুর ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন রমনা কালীমন্দিরে ভাঙচুর করার অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার কর্মী অনন্ত ভৌমিক, প্রকাশ মণ্ডল ও রিমন বিশ্বাস অনিমেষ।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, মন্দিরের প্রাঙ্গণে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ একটি মামলা করেছে।মন্দিরের তত্ত্বাবধায়ক শ্যামল কুমার বিশ্বাস ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত পৌনে একটার দিকে ছাত্রলীগের শ খানেক কর্মী রড, হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে মন্দির এলাকায় হামলা করেন। এ সময় দুটি দোকান ছাড়াও কালীপূজার জন্য তৈরি করা রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদার বিগ্রহও ভাঙচুর করে তাঁরা।অনুসন্ধানে জানা গেছে, মন্দিরের প্রাঙ্গণে মন্দিরের সাংগঠনিক সম্পাদক হেমন্ত বেপারী এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক ও মন্দির কমিটির প্রচার সম্পাদক পঙ্কজ বড়ুয়ার দুটি দোকান রয়েছে। দোকান দুটির মালিকানা নিয়ে জগন্নাথ হলের ছাত্রলীগের নেতা ও মন্দির কমিটির যুগ্ম সম্পাদক উৎপল সাহার সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার উৎপলের অনুসারী ছাত্রলীগের কর্মীরা পঙ্কজ বড়ুয়ার দোকানে তালা লাগিয়ে দেন। পরের দিন শনিবার পঙ্কজ আবারও দোকান খোলেন এবং ওই দিন রাতে উৎপলের কর্মীরা গিয়ে ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কর্মীদের মধ্যে অনন্ত ও প্রকাশ উৎপলের এবং অনিমেষ পঙ্কজের অনুসারী বলে জানা গেছে।উৎপল সাহা প্রথম আলোকে বলেন, পঙ্কজ ও হেমন্ত অবৈধভাবে মন্দির প্রাঙ্গণে দোকান দিয়ে প্রার্থনার স্থানকে ব্যবসায়িক কেন্দ্র বানিয়েছেন। হলের শিক্ষার্থীরা বিরোধিতা করলে পঙ্কজ তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এরপর শিক্ষার্থীরা দোকান দুটি ভাঙচুর করেন।মূর্তি ভাঙার বিষয়টি অস্বীকার করে উৎপল বলেন, তাঁর কর্মীরা চলে আসার পর পঙ্কজ বড়ুয়া বহিরাগত লোকজন নিয়ে মূর্তি ভাঙচুর করেছেন।পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘মন্দিরের সেবক বিপুল রায় মূলত দোকানটির দেখাশোনা করেন। ফাও খাওয়া ঠেকানোর জন্য তিনি আমার নাম ব্যবহার করেন।’ মূর্তি ভাঙার বিষয়ে তিনি বলেন, ‘উৎপলের কর্মীরা যখন হামলা করে, তখন আমরা মন্দিরের বাইরে ছিলাম। মূর্তি তারাই ভেঙেছে।’