রমনা থানার এএসআই হত্যার ঘটনায় মির্জাপুরে ভ্যানচালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রমনা থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ্ মো. মিজানুর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফারুক (৩০) নামে এক রিকশা-ভ্যান চালককে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ গত মঙ্গলবার রাতে ওই উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের নিজ বাড়ি থেকে ফারুককে গ্রেপ্তার করে।পুলিশ ফারুকের কাছ থেকে মিজানুরের ব্যবহার করা একটি মুঠোফোন সেট ও সিম উদ্ধার করেছে। তাঁকে গতকাল বুধবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাছান বলেন, গ্রেপ্তার ফারুক দাবি করেন, তিনি রাস্তায় ওই মুঠোফোনটি কুড়িয়ে পেয়েছেন। তিনি মুঠোফোনটি থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। মুঠোফোন ট্র্যাকিং করে মঙ্গলবার রাতে ফারুককে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফারুকের স্ত্রী নূরজাহান (২৫) বলেন, মঙ্গলবার মির্জাপুর থেকে ফেরার পথে ফারুক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটায় সিমকার্ডটি কুড়িয়ে পান।গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য দেওহাটা গ্রামের বাসিন্দা শাজাহান সাজু বলেন, ফারুক গরিব হলেও সৎ ও অত্যন্ত নিরীহ। তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন তা বিশ্বাস করা যায় না। ফারুককে গ্রেপ্তার করায় গতকাল সারা দিন তাঁর বাড়ির চুলায় আগুন জ্বলেনি।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে গত মঙ্গলবার এএসআই মিজানুর রহমানের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়।