রমনা থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষগ্রহণ ও হত্যার অভিযোগে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজনের বিরুদ্ধে গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হয়েছে। মগবাজারের সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী বাবুল গাজীকে (৪০) হত্যার অভিযোগে তাঁর স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদালত আগামী ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার আসামিরা হলেন, রমনা থানার ওসি শিবলী নোমান, উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন, পুলিশ সদস্য সিরাজ এবং পুলিশের সোর্স হিরণ, নান্নু, আনিসুর রহমান ও শাহদাত।মামলার আরজিতে বলা হয়, মগবাজার এলাকার সিএনজিচালিত অটোরিকশার মালিক বাবুল গাজীর দুই চালককে গত ১৭ জুন পুলিশ ধরে নিয়ে যায়। রমনা থানার এসআই আলতাফ অটোরিকশার মালিক বাবুল গাজীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হবে বলেও তিনি হুমকি দেন।আর্জিতে বলা হয়, উপায়ন্তর না পেয়ে বাবুল গাজী এসআই আলতাফকে ৭০ হাজার টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় গত ২৮ জুন আসামিরা তাঁকে আনসার ক্যাম্পে নিয়ে যান। পরদিন তাঁর স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর লাশ শনাক্ত করেন।