রমনা থানার মামলায় জামিন ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ছবি: ফোকাস বাংলা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। ছবি: ফোকাস বাংলা

অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
রমনা থানায় দায়ের করা একটি মামলায় একই দিন মির্জা ফখরুলকে জামিন দিয়েছেন মহানগর হাকিম। তবে রমনা ও শাহবাগ থানার অপর দুটি মামলায় তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে।
রমনা থানায় গত ৩ জানুয়ারি দায়ের করা মামলায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর গত সোমবার মির্জা ফখরুল হাইকোর্টে জামিন আবেদন করেন। গত মঙ্গলবার ও আজ শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আজ আদেশ দেন। মির্জা ফখরুলের ছয় মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
হাইকোর্টে মির্জা ফখরুলের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
এদিকে রমনা ও শাহবাগ থানার পৃথক তিনটি মামলায় আজ মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। শুনানি শেষে রমনা থানার একটি মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে রমনা থানার আরেকটি ও শাহবাগ থানার একটি মামলায় তাঁর জামিনের আবেদন নাকচ করেন আদালত।

রাজধানীর রমনা ও শাহবাগ থানায় করা মামলায় ১৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুস সালামের জামিন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানো হয়।