মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এবং নির্যাতনের মামলায় পুলিশের চার কর্মকর্তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁদের তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার আসামি পুলিশ কর্মকর্তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় পর্যন্ত তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করারও নির্দেশ দেন আদালত।পুলিশ কর্মকর্তারা হলেন রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম, এসআই নাসের আলী ও সার্জেন্ট আনোয়ার হোসেন। এর আগে ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।চার আসামির কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট তিন সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করে তাঁর মক্কেলদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। বিচারিক আদালতকে জামিন বিবেচনার জন্যও বলা হয়েছে।জানা গেছে, ২০০৪ সালে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের নেতা আবু আব্বাস ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে পুলিশ নির্যাতন করে তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে—এ অভিযোগে ২০০৮ সালের মার্চে আব্বাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত ঘটনা তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।