রমনা থানায় বদি, রুমি, জুয়েল, আলতাফ মাহমুদকে দেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষী জহিরুদ্দিন জালালকে গতকাল সোমবারও জেরা করেছে আসামিপক্ষ। জেরায় তিনি বলেছেন, একাত্তরের ২৯ আগস্ট বিকেলে তিনি রমনা থানায় মুক্তিযোদ্ধা বদি, রুমি, জুয়েল, আজাদ, চুল্লু, আলতাফ মাহমুদসহ ২০-২৫ জনকে আটক দেখেন।রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা জহিরুদ্দিনকে গতকাল চতুর্থ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ জেরা চলছে। মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।একাত্তরে আপনার সহযোদ্ধাদের মধ্যে কে কে বেঁচে আছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ইশতিয়াক আজিজ উলফত, নাসির উদ্দীন ইউসুফ ও হাবিবুল আলম বেঁচে আছেন। ২৯ আগস্ট কখন রমনা থানায় গিয়েছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই দিন সকালে দৈনিক সংগ্রাম-এ পড়েন, দিলু রোড, মগবাজার, ইস্কাটন এলাকায় ইসলামী ছাত্রসংঘের আলবদর সদস্যরা বেশ কয়েকজন দুষ্কৃতকারীকে (মুক্তিযোদ্ধা) গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে গেছে। পরে বিকেলে তিনি তাঁর চাচা পুলিশ কর্মকর্তা বাহার উদ্দিন আহমেদের সঙ্গে থানায় গিয়ে মুক্তিযোদ্ধা বদি, রুমি, জুয়েল, আজাদ, চুল্লু, আলতাফ মাহমুদসহ ২০-২৫ জনকে দেখতে পান। এ সময় আইনজীবী বলেন, সাক্ষী যা বললেন, তা সত্য নয়। সাক্ষী বলেন, এটা সত্য।আইনজীবী বলেন, একাত্তরের ৩০ আগস্ট আপনার (সাক্ষীর) গ্রেপ্তার হওয়া, নাখালপাড়ায় পুরোনো এমপি হোস্টেলে আটক থাকা, নির্যাতিত হওয়া, সেখানে বদি, রুমি, জুয়েল, আজাদ, আলতাফ মাহমুদসহ অন্য মুক্তিযোদ্ধাদের দেখা, তাঁদের সঙ্গে কথা বলা ও তাঁদের দেহে নির্যাতনের চিহ্ন দেখা এবং সেখানে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীকে দেখা এবং সাক্ষীকে নির্যাতন করার বিষয়ে তাঁর জবানবন্দি সঠিক নয়। এ সময় সাক্ষী বলেন, ‘এর সবই সঠিক। আমি এত দিন ধরে ক্ষতবিক্ষত হাত নিয়ে বেঁচে আছি। আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তা আমি এখনো দেখাতে পারব।’আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরের ৪ ডিসেম্বর ঢাকার চকবাজারে মুজাহিদকে গাড়িতে মাইক বেঁধে পথসভায় বক্তৃতা করতে সাক্ষী দেখেননি। সাক্ষী বলেন, এটা ঠিক নয়। প্রায় এক ঘণ্টা জেরা চলার পর কার্যক্রম কাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।