রমনা পার্কে চলছে বাংলাদেশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা পার্কে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করে দিনব্যাপী বাংলালিংক বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পাশে আয়োজক ও অতিথিরা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর রমনা পার্কে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন করে দিনব্যাপী বাংলালিংক বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পাশে আয়োজক ও অতিথিরা। ছবি: জাহিদুল করিম

মঞ্চে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করছেন। সংগীতের তালে তালে তোলা হচ্ছে জাতীয় পতাকা। এভাবে আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগের রমনা পার্কে শুরু হলো বাংলাদেশ উৎসব।
প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিশ্বকে আমাদের দেখানোর আছে। বাংলাদেশ শুধু ঝড়-বন্যার দেশ নয়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি আছে। ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা দেশকে এগিয়ে নিতে পারি।’
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠান চলবে রাত নয়টা পর্যন্ত। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বুলবুল মহানবীশ, শাহীন সামাদ, অনুপ ভট্টাচার্য, তিমির নন্দী, রফিকুল আলম, তপন মাহমুদ।

উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ গানের দেশ, কবিতার দেশ। পৃথিবীর সংস্কৃতিতে দেওয়ার মতো আমাদের সংস্কৃতিতে অনেক কিছু আছে। মানুষকে তার শেকড়কে জানতে হবে। শেকড়কে জানলেই বৃক্ষ বেড়ে উঠবে।’
কিংবদ‌ন্তির মেলা, লোকগানের রাজ্য, গ্রাম বাংলার মেলা, ঐতিহ্যের খেলাঘর—চার ভাগে বিভক্ত বাংলাদেশ উৎসবের আয়োজক মুঠোফোন কোম্পানি বাংলালিংক। আয়োজক সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।
অনুষ্ঠানে কিংবদন্তির মেলায় থাকছে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউলসংগীত। এ ছাড়া এস এম সুলতানের স্মরণে চিত্রাঙ্কন প্রদর্শনী হবে।
লোকগানের রাজ্যে পরিবেশিত হবে হাসন রাজা গান, শাহ আব্দুল করিমের গান, গম্ভীরা গান ও ভাওয়াইয়া গান। এ ছাড়া মধুসূদন দত্তের কবিতা আবৃত্তি করা করা হবে।
গ্রাম বাংলার মেলায় থাকছে গ্রাম বাংলার বিয়ে উৎসব, বায়োস্কোপ, ঢেঁকি, গরুর গাড়ি, নাগরদোলা, পুতুলনাচ, মুড়ি-মুড়কি পিঠাঘর, বানর নাচ, তাঁত প্রদর্শনী, কামার ও কুমারপাড়ার জীবনচিত্র, ঢোলবাদ্য ইত্যাদি।
ঐতিহ্যের খেলাঘরে থাকবে জব্বারের বলীখেলা, খেয়াঘাট ও পাহাড়ি ঐতিহ্যের প্রদর্শনী।
এই চার পর্ব শেষে থাকবে মেগা কনসার্ট। কনসার্টে সংগীত পরিবেশন করবেন বারী সিদ্দিকী, কনক চাঁপা, সামিনা চৌধুরী, জেমস, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, এলিটা ও কনা। কনসার্টে ব্যান্ড চিরকুটও অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, বাংলালিংকের প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা আহমাদ হালিম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ প্রমুখ।