রমনা পার্কে 'বাংলাদেশ উৎসব' বন্ধের দাবি
আইন অমান্য করে রাজধানীর রমনা পার্কে বাংলাদেশ উৎসব আয়োজন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) সাতটি সংগঠন। উৎসবটি অন্য কোথাও আয়োজনের আহ্বানও জানায় তারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অংশ নেয় নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রিন ভয়েস, ক্যাম্পেইন ফর ডেভেলপমেন্ট, ইনেশিয়েটিভ ফর পিস, তরুপল্লব এবং রমনা ফেডারেশন অব ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, রমনা পার্ককে আরেকটি ধানমন্ডি পার্কে পরিণত করবেন না। এ পার্ক ঢাকা শহরের ফুসফুস। রাজধানীর অধিবাসীরা এখানেই একটু মুক্তভাবে শ্বাস নিতে পারেন। এখানে এ ধরনের উৎসব আয়োজন করলে এখানকার বৃক্ষ, লতাগুল্ম ইত্যাদি ক্ষতিগ্রস্ত হবে। তাই অনুষ্ঠানটি অন্যত্র আয়োজনের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০’ এর ৫ নং ধারা অনুযায়ী রমনা পার্কে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি প্রদান বেআইনি। এই আয়োজন বন্ধ করা না হলে তাঁরা প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও বলেন।
সংবাদ সম্মেলনে বাপার সদস্যসচিব ইকবাল হাবীব বলেন, জনগণের করের টাকায় এ পার্কের তত্ত্বাবধান করা হয়। তাই আইন মেনে চলেন, এমন কোনো নাগরিক এ বেআইনি কাজ মেনে নিতে পারেন না।
বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরেন। আজ ২৬ ডিসেম্বর একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির উদ্যোগে রমনা পার্কে ‘বাংলাদেশ উৎসব’ শিরোনামের এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।