রমনা বটমূলে বোমা হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু বক্কর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনার বটমূলে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি মো. আবু বক্কর সিদ্দিক ওরফে হাফেজ সেলিম হাওলাদার ওরফে হাফেজ সেলিম হায়দারকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবু বক্কর সিদ্দিক নিজের পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে কেরানীগঞ্জে বসবাস করছেন—এই তথ্য পেয়ে র‌্যাব-১০–এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর সিদ্দিক র‌্যাবকে জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়ার সময় মুফতি হান্নানের সঙ্গে তাঁর পরিচয় ও সখ্য গড়ে ওঠে। মুফতি হান্নান আফগানিস্তান গিয়ে কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করেছেন, তা তিনি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বর্ণনা করে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেন। তাতেই তিনি উদ্বুদ্ধ হয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা চালান।