
বায়ুদূষণ, নদীদূষণ, বৃক্ষনিধনের মতো মনুষ্যসৃষ্ট কারণে বিপন্ন হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতি। প্রকৃতি বাঁচাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকৃতি মেলার আয়োজন করে আসছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রকৃতি মেলা। মেলার প্রতিপাদ্য ছিল ‘বায়ুদূষণ’।
মাঘের প্রথম দিনে দাপুটে শীতের সকালে সাতটি টিয়া পাখি, সাদা বকসহ নানান রঙের বেলুন উড়িয়ে সপ্তমবারের মতো আয়োজিত প্রকৃতি মেলার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও প্রধান বন সংরক্ষক ইউনুস আলী। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশীদ মজুমদার, মুকিত মজুমদার, জহির উদ্দিন মাহমুদ, নিসর্গী দ্বিজেন শর্মা, ইনাম আল হক, মেলার অন্যতম পৃষ্ঠপোষক মেঘনা গ্রুপের এজিএম ব্র্যান্ড কুমার ফিলিপ বড়ুয়াসহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী পর্ব শেষে হরীতকীর চারা রোপণ করেন অতিথিরা।
উদ্বোধক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিবেশ রক্ষা করতে সরকারের নানামুখী উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করে ঢাকার বলধা গার্ডেন ও রমনা পার্ক সংরক্ষণ করার কথা জানান। তিনি বলেন, এ দুটি উদ্যানকে আগের রূপে ফিরিয়ে দেওয়া হবে।
আনিসুল হক বলেন, ‘চ্যানেল আই পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে ঢাকা শহরের মেয়র ও নাগরিক হিসেবে সমর্থন করছি।’
ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব, তাই প্রকৃতির মাঝে সবাই থাকবেন এবং ভালোবাসবেন।’
মেলায় প্রকৃতি নিয়ে গান পরিবেশন করেন ইন্দ্রমোহন রাজবংশী, তপন চৌধুরী, এস আই টুটুল, অনিমা রায়, শারমিনসহ বিভিন্ন
অঞ্চল থেকে আসা দেশসেরা শিল্পীরা। খুদে আঁকিয়েরা রং তুলির মাধ্যমে পরিবেশকে তুলে ধরে। আরও ছিল প্রাণ-প্রকৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, মূকাভিনয়, গম্ভীরা, পটের গান পরিবেশনা। এ ছাড়া মেলায় ছিল সামুদ্রিক মাছ, পাখিবিষয়ক গ্রন্থ, জীবন্ত প্রজাপতি এবং হস্ত ও কুটির শিল্পের স্টল।