রমনায় বোমা হামলা মামলার রায় ১৬ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলাসংক্রান্ত হত্যা মামলায় আগামী ১৬ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।


আজ এই মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। আসামিপক্ষে আইনজীবী টি এম আকবর হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতকে বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ ৬১ জন সাক্ষীকে উপস্থাপন করেছে। আসামিরা ঘটনাস্থলে ছিল, কোনো সাক্ষীই এমন কোনো সাক্ষ্য দেননি। আসামিপক্ষের আইনজীবীরা মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দি উপস্থাপন করে আসামিদের নির্দোষ দাবি করেন।


এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এস এম জাহিদ সরদার উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই মামলায় ৬১ জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। ঘটনার পারিপার্শ্বিকতা ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিই বোমা হামলায় হত্যার বিষয়টি প্রমাণ করে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফের পুনঃ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়।


২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। একই বছরের ১০ নভেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় সাক্ষ্য দেন। এ সময় সব আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। মামলাটির ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনকে আদালতে উপস্থাপন করা হয়।


২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত হন। ঘটনাস্থলে নয়জন এবং পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় একজন মারা যান। আহত হন অনেকে।


ঘটনার প্রায় আট বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। আসামিদের মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আবদুর রউফ, মওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মওলানা ইয়াহিয়া ও মওলানা আকবর হোসাইন কারাগারে আছেন। আসামি মওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই পলাতক।