রমনার বটমূলে ছায়ানটের বর্ষববণ

স্বাগত ১৪২২। শুরু হয়ে গেল বাংলা নতুন একটি বছর। ঐতিহ্য অনুযায়ী আজ মঙ্গলবার ভোরের আলো ফুটতেই নতুন বছরকে বরণ করেছে ছায়ানট।
‘শান্তি মানবতা ও মানুষের অধিকার’ শিরোনামে রমনার বটতলায় ছায়ানটের এই প্রভাতি গানের অনুষ্ঠান শুরু হয় ভোর ৬টা ১৫ মিনিটে।
শুরুতেই সেতারবাদন। এর মধ্য দিয়ে ছায়ানটের শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। এরপর চলে রবীন্দ্র সংগীত। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন হাজারো শ্রোতা।
রমনার বটতলার এই অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা-ব্যবস্থা। নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। রমনায় প্রবেশের ক্ষেত্রে করা হয় তল্লাশি।
বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে আজ দিনভর থাকছে নানা আয়োজন। প্রাণের টানে সকালেই ঘর থেকে বেরিয়েছেন হাজারো মানুষ। পথে পথে আজ বৈশাখী রব। সবাই নানা সাজে সজ্জিত। নেই বয়সের ভেদাভেদ। উল্লাসে-উচ্ছ্বাসে সবাই মাতোয়ারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আজ সকালে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বর ঘুরে চারুকলার সামনে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সকাল আটটায় কলাভবনের সামনের বটতলায় বসে বাংলা গানের আসর। সকাল ১০টায় নাট মণ্ডল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে হয় পরিবেশনা। বাংলা বিভাগের প্রযোজনায় সন্ধ্যা ছয়টায় কলাভবনের সামনে অনুষ্ঠিত হবে সেলিম আল দীন-এর কীত্তনখোলা।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় সকালে। সেখানে চলে একক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত ছড়া-কবিতা পাঠ। এ ছাড়া বিসিকের সঙ্গে যৌথ উদ্যোগে থাকছে বৈশাখী মেলা।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ, বাউল গানসহ আরও নানা পরিবেশনা।
উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণের অনুষ্ঠান শুরু সকাল সাতটায়, বাসাবো বালুর মাঠে। সেখানে পরিবেশিত হয় গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল আটটা থেকে গান-কবিতায় বর্ষবরণ করা হয়।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনভর নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপন করবে।