রমনার বটমূলে বর্ষবরণের ৫০তম আয়োজন
রমনার বটমূলে বর্ষবরণের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে এবার। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর ছায়ানট পয়লা বৈশাখে এ আয়োজন করে আসছে। আইয়ুববিরোধী আন্দোলনে এই সাংস্কৃতিক আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসেও যোগ করেছে তাৎপর্যপূর্ণ অভিঘাত।
নববর্ষবরণের ৫০তম আয়োজন উপলক্ষে আগামী এক মাস নানা আয়োজন সাজিয়েছে ছায়ানট। গতকাল বিকেলে ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সভাপতি ছিলেন সন্জীদা খাতুন, স্বাগত কথন ছিলেন সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি সারওয়ার আলী এবং সহসভাপতি খায়রুল আনাম শাকিল। ছিল সংগীতানুষ্ঠানও।
৩১ মার্চ সন্ধ্যায় দ্বিতীয় আয়োজন। ছায়ানট ভবন সাজানো হচ্ছে নববর্ষ উদ্যাপনের স্মারণিক প্রদর্শনী দিয়ে। তৃতীয় অনুষ্ঠান ৭ এপ্রিল বিকেলে। ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা ও নববর্ষপঞ্জি প্রকাশিত হবে সেদিন। ‘সংস্কৃতির সংকট ও সম্ভাবনা’ বিষয়ে বক্তব্য দেবেন মফিদুল হক। আলোচনা করবেন আতিউর রহমান ও মাহ্ফুজ আনাম। চতুর্থ অনুষ্ঠান ১৩ এপ্রিল সন্ধ্যায়। ২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলায় নিহত দর্শক-শ্রোতাদের স্মরণ করা হবে কথা, গান ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে।
১৪ এপ্রিল পয়লা বৈশাখে ভোর ৬টা ১০ মিনিটে সরোদে ভোরের রাগ দিয়ে করা হবে নতুন বাংলা বছরের আবাহন। এবারের বিষয় আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান ও অসাম্প্রদায়িকতা।
সব মিলিয়ে ঘণ্টা দুয়েকের গান, পাঠ ও আবৃত্তির আয়োজন। ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের শুভেচ্ছা কথনের পর কিছু বিরতি দিয়ে ৫০ বছর পূর্তির বিশেষ আয়োজনের অংশ হিসেবে পরিবেশিত হবে বাংলার লোকসংস্কৃতির পালাগান ‘দিওয়ানা মদিনা’। মাসব্যাপী এবারের আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় ৪০০ শিল্পী।