রমনার বটমূলে বোমা হামলা মামলায় আরও তিনজন সাক্ষ্য দিলেন
রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আকতার নাসরিনা খানম সাক্ষীদের সাক্ষ্য নেন। আদালত ২০ জানুয়ারি পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন।গতকাল আদালতে সাক্ষ্য দেন মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ বশির উল হক এবং ওয়েস্ট এন্ড হাইস্কুলের শিক্ষক আলী হোসেন সরকার। এ পর্যন্ত মামলায় বাদীসহ ৩৭ জন সাক্ষ্য দিলেন।সাক্ষ্য নেওয়া উপলক্ষে গতকাল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান ও শাহাদাত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনও আদালতে হাজির ছিলেন।২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত এবং অন্তত ১১ জন আহত ও পঙ্গু হন। ওই ঘটনায় করা দুটি মামলায় মুফতি হান্নানসহ হুজির ১৪ নেতা-কর্মীকে আসামি করা হয়। বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ আট আসামি পলাতক রয়েছেন।