রমনার শতবর্ষী মহুয়ার বিদায়
হারিয়ে গেল ঢাকার সবচেয়ে আদি মহুয়াগাছটি। জানামতে, ঢাকায় যে কয়েকটি শতবর্ষী গাছ ছিল, তার মধ্যে রমনা উদ্যানের মহুয়াগাছটি অন্যতম। গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ঝড়ের সময় গাছটি দুভাগে বিভক্ত হয়ে দুদিকে উপড়ে পড়ে। ওই দিন রাতে খবর পেয়ে কিছুটা বিস্মিত হই। এমন শক্ত গাছ কীভাবে উপড়ে পড়ল। আসলে জরায় গাছটির ভেতরে সুড়ঙ্গ তৈরি হয়েছিল। সঙ্গে উইপোকার আক্রমণ। বাইরে থেকে কিছুই বোঝার উপায় ছিল না। রমনা উদ্যানের আরবরি কালচার বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরাত-ই-খুদা জানিয়েছেন, উপড়ে পড়া গাছটি সম্পূর্ণ সরিয়ে নেওয়ার পর সেখানে আরেকটি মহুয়াগাছ লাগানো হবে।
রমনা উদ্যানের অনেকটা পশ্চিম-উত্তর প্রান্তে উদ্যানের ভেতরের প্রায় সব পায়ে হাঁটা পথ যে গাছটির পাশে এসে মিশেছে, সেই বৃক্ষটিই শতবর্ষী মহুয়া। গাছটির চারপাশ বেশ বড় আকারে কংক্রিট বাঁধানো বসার জায়গা। গোড়ায় কতগুলো পাথর ছড়ানো। প্রতিদিন উদ্যানে বেড়াতে এসে অনেকেই এখানে দু’দণ্ড বিশ্রাম নিতেন। অনতি দূরেই রমনা লেকের ওপর ছোট্ট একটি সেতু। উদ্যানে নিয়মিত শরীরচর্চাকারীরা এই স্থানটিকে মহুয়াতলা নামেই চেনেন। জানামতে, এটি ঢাকার সবচেয়ে বড় মহুয়াগাছ ছিল। প্রস্ফুটন মৌসুমে অসংখ্য বাদুড় এসে জড়ো হতো এখানে। কারণ, মহুয়া ফুল বাদুড়ের খুব পছন্দ। বয়সের ভারে গাছটির ডালপালা ও পাতার সংখ্যা কমে এসেছিল।
ধারণা করা হয়, ব্রিটিশ আমলে ঢাকায় নিয়োগপ্রাপ্ত লন্ডনের কিউ গার্ডেনের উদ্যানী রবার্ট লুইস প্রাউডলক অন্তত এক শ বছর আগে এই মহুয়াগাছ রোপণ করেন।
মহুয়া (Madhuka indica) মূলত এখানকার পাহাড়ি গাছ। গাছটি আমাদের কাছে নামেই বেশি পরিচিত। কিন্তু সে তুলনায় সচরাচর চোখে পড়ে না। কারণ, গাছটির প্রিয় আবাস পাহাড়ি এলাকা। সেখান থেকে বৃক্ষপ্রেমীদের মাধ্যমে চলে এসেছে সমতল অঞ্চলে। তা-ও খুব বেশি নয়, হাতে গোনা কয়েকটি। ঢাকায় রমনা উদ্যান ও সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কিছু মহুয়াগাছ দেখা যায়। আমাদের আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গেও মহুয়া নামটি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাঁর মহুয়া কাব্যের ভূমিকায় লিখেছেন: ‘মহুয়া বসন্তেরই অনুচর, আর ওর রসের মধ্যে প্রচ্ছন্ন আছে উন্মাদনা।’ তিনি মহুয়া নিয়ে কবিতাও লিখেছেন।
মহুয়া বেশ বড় ধরনের পত্রমোচি গাছ। কাণ্ড দীর্ঘ, মসৃণ ও ধূসর রঙের। এই গাছের উপরিভাগ অজস্র শাখা-প্রশাখায় ছড়ানো ধরনের। প্রশাখায় ঘনবিন্যস্ত পত্রগুচ্ছ বেশ আকর্ষণীয়। শীতকাল মহুয়ার পাতা ঝরানোর দিন। বসন্তের মাঝামাঝি সময়ে সারা গাছ ভরে থোকা থোকা অসংখ্য ফুল ফোটে। ফুলের পাপড়িগুলো স্থূল ও রসাল। প্রায় একই সঙ্গে তামাটে রঙের নতুন কচিপাতাগুলো গজাতে শুরু করে। এই নতুন পাতা আর ফুলের অপূর্ব শোভা নিয়ে মহুয়ার তখন শ্রেষ্ঠ সময়। ফুলের গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফুলের আকর্ষণে হরিণ ও ভালুকের সঙ্গে সাঁওতাল নর-নারীরাও গাছতলায় ভিড় জমায়। এই ফুলের পরিশ্রুত নির্যাস উত্তেজক এবং আদিবাসীদের প্রিয় পানীয়।