রমনায় ছায়ানট ছাড়া আর কারও অনুষ্ঠান নয়
ছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনা উদ্যানে আর কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অনুষ্ঠানের ফলে রমনা উদ্যানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অনেক দুর্লভ বৃক্ষ ও তরুলতা নষ্ট হচ্ছে এবং পার্ক তার ঐতিহ্য হারাচ্ছে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্থায়ী ও ভ্রাম্যমাণ হকারদের তৎপরতায় রমনা উদ্যানের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রমনা উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ ছাড়া অন্য কোনো সংগঠনকে ওই দিন বা অন্য সময়ে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না।
এর আগে ২৩ ফেব্রুয়ারি রমনা উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়ে একটি বেসরকারি সংগঠন এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন রমনায় ছায়ানটের বর্ষবরণ ছাড়া সব অনুষ্ঠান বেন্ধর নির্দেশ দেন।